কোচিংএর মাস্টার মশাই এর সঙ্গে বেলুড়মঠ ঘুরতে গিয়ে আর বাড়ি ফেরা হল না পরমব্রতর। চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল দুর্গাপুরের কাঁকসার দ্বাদশ শ্রেণির এক ছাত্রের।
মৃত ছাত্রের নাম পরমব্রত মণ্ডল (১৭), দ্বাদশ শ্রেণীর পড়ুয়া। কাঁক সার ত্রিলোকচন্দ্রপুরের বাসিন্দা। বুধবার কোচিং শিক্ষকের সঙ্গে কয়েকজন পড়ুয়া বেলুড়মঠ ঘুরতে গিয়েছিল। সেখান থেকে সন্ধ্যায় বেলুড় স্টেশন থেকে হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে বাড়ি ফিরছিল তারা। ট্রেনটি বর্ধমান স্টেশনের আগে গাঙ্গপুর বড়কা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছলে আচমকাই চলন্ত ট্রেন থেকে পড়ে যায় পরমব্রত।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান আরপিএফ ও জিআরপি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। কীভাবে ওই ছাত্র চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, তা নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। এই মর্মান্তিক ঘটনায় মৃত ছাত্রের পরিবার, সহপাঠী এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।