স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে ১০০ ফুট দীর্ঘ জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। বৃহস্পতিবার দুর্গাপুরের মাইকেল মধুসূদন মেমোরিয়াল কলেজ প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রার সূচনা হয়।
সেখান থেকে সঙ্গীত, দেশাত্মবোধক স্লোগান এবং জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা দুর্গাপুরের সিটি সেন্টার পর্যন্ত পদযাত্রা করেন। শোভাযাত্রাকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পথচলতি মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা উপভোগ করেন। বিভিন্ন বয়সের ছাত্র-ছাত্রী ও সংগঠনের সদস্যরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার চেতনাকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচিকে সফল করে তোলাই তাদের মূল লক্ষ্য। দেশের প্রতিটি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম, জাতীয় গৌরব ও স্বাধীনতার মূল্যবোধকে আরও সুদৃঢ় করে তুলতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান এবিভিপির নেত্রী স্নেহা দত্ত।