হীরালাল বাউরির বিরুদ্ধে তোলাবাজি এবং মারধরের অভিযোগ দুর্গাপুরে

ফের হীরালাল বাউরি খবরে।তোলা না দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে বেধড়ক মার! অভিযোগের তির দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। আহত অ্যাম্বুলেন্স চালকের দাবি, দীর্ঘদিন ধরে মাসোহারা দিতে বাধ্য করা হলেও সম্প্রতি টাকা দিতে অস্বীকার করতেই তাঁর উপর হামলা চালানো হয়। শুধু মারধরই নয়, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন ওই চালক। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।ঘটনাটি দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের সামনে। সেখানেই দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স চালানোর কাজ করেন মানিক ধীবর। তাঁর অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকার সময় প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা দিতে হতো প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরিকে। ভয়ের পরিবেশে তিনি নিয়মিত অনলাইনের মাধ্যমে সেই টাকা পাঠাতেন বলেও দাবি করেছেন। মানিক ধীবরের অভিযোগ, সম্প্রতি তিনি আর সেই টাকা দিতে অস্বীকার করেন। এরপরই মদ্যপ অবস্থায় অভিযুক্ত তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেন। এমনকি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুইও তাঁকে রক্ষা করতে পারবেন না বলে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হন। তবে সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর হীরালাল বাউরি। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে সত্যতা মিললে অবিলম্বে অভিযুক্তকে গ্রেপ্তার করা উচিত।ইতিমধ্যেই ই-মেলের মাধ্যমে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত অ্যাম্বুলেন্স চালক। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার।

error: Content is protected !!