নবান্ন থেকে আধুনিক ও পরিবেশবান্ধব ২০টি নতুন সিএনজি SBSTC বাসের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের সিটি সেন্টারেএই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন, বিচারবিভাগীয় ও শ্রমমন্ত্রী মলয় ঘটক। এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, মহকুমা শাসক সুমন বিশ্বাস, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি, সহকারী সভাধিপতি বিষ্ণুদেও নুনিয়া, ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক গুপ্তা, দুর্গাপুর নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব এবং সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়-সহ অনেকে। জানা গেছে দক্ষিণবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রুটে এই ২০টি সিএনজি বাস চলাচল করবে। চারটি বাস ঝাড়গ্রাম–কলকাতা, একটি পটাশপুর–করুণাময়ী, একটি আসানসোল–ঝিলিমিলি, একটি বর্ধমান–ঝাড়গ্রাম, একটি বর্ধমান–বাঁকুড়া, একটি বর্ধমান–আসানসোল, চারটি বেলঘরিয়া (করুণাময়ী)–আসানসোল, একটি বেলঘরিয়া (করুণাময়ী)–বাঁকুড়া, পাঁচটি বেলঘরিয়া–দীঘা এবং একটি বেলঘরিয়া–টাকি রুটে চলবে। মোট ১০টি রুটে এই ২০টি বাস পরিষেবা দেবে।