গরম পড়তেই ডেঙ্গুতে মৃত্যুর খবর সামনে এলো।দুর্গাপুরে এবছর প্রথম ডেঙ্গু তে মৃত্যুর খবরে শহর জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।সবে গরম পড়তে শুরু করেছে।আর এর মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু থাবা।
দুর্গাপুর ডিএসপি টাউন শিপের সেকেন্ডারি এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে ডেঙ্গু তে বলে দাবি।মৃত ব্যক্তির নাম মনোজ কুমার দাস (৪৬)। তিনি ওই এলাকারই বাসিন্দা। ১৫ মার্চ তাঁর মৃত্যু হয়। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। প্রথমে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।
জ্বরের সঙ্গে মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার অবনতি হলে ১৩ মার্চ তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।
১৫ মার্চ তিনি মারা যান। জানা গেছে, তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। খবর পেয়ে রাজ্য নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন।
পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের কর্মীরা গোটা বিষয়টি র উপর কড়া নজরদারি রাখছেন বলে জানা গেছে।
ডিএমসির পক্ষ থেকে গোটা এলাকায় মশা নিধন ও স্প্রে করা হয়েছে এবং সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের প্রশাসন থেকে মশা নিয়ে সতর্ক করা হচ্ছে বলে জানা গেছে।